ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

পানির পাম্পের বদলে আনা হল ৩৭ হাজার কেজি কসমেটিকস

পানির পাম্পের বদলে আনা হল ৩৭ হাজার কেজি কসমেটিকস
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৮:২৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৮:২৭

দুই হাজার পানির পাম্প আমদানির ঘোষণা দিয়ে ৩৬ হাজার ৯৬৫ কেজি কসমেটিকস সামগ্রী এসেছে বন্দরে। ঢাকার চম্পাটুলি লেনের আমদানিকারক অনলি ওয়ান ইন্টারন্যাশনালের (বিন নং-০০০৭৮৯১৯৮) নামে চালানটি চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসে। এটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান উজালা শিপিং লাইন্স লিমিটেড। 

ঘোষণা বহির্ভুত এ চালানে রয়েছে- বিভিন্ন ব্রান্ডের হেয়ার জেল, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেইস ওয়াশ, পেতয়িং কার্ড, টুথপেস্ট, টুথব্রাশ, বডি ওয়াশ ইত্যাদি। 

বুধবার শতভাগ কায়িক পরীক্ষা করে ঘোষণা বহির্ভূত এ চালান আসার বিষয়টি নিশ্চিত হয় কাস্টম হাউজ কর্তৃপক্ষ। এক কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা রাজস্ব ফাঁকি দিতেই এমন মিথ্যার আশ্রয় নিয়েছিল আমদানিকারক।

চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চালানটি আটক করে শতভাগ কায়িক পরীক্ষা করে। পানির পাম্প আনার ঘোষণা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান গত ৫ নভেম্বর কাস্টম হাউসে বিল অব এন্ট্রি (সি-১৭০৭১২০) দাখিল করে। কিন্তু সন্দেহভাজন হওয়ায় এটি কায়িক পরীক্ষা করা হয়। 

পরীক্ষায় মোট ৩৬ হাজার ৯৬৫ কেজি কসমেটিকস সামগ্রী এবং ২০২ কেজি (৪৮ পিস) পানির পাম্প পাওয়া যায়। ঘোষণা বহির্ভূত পণ্য আমদানি করায় আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×