ঝিনাইদহে এমপির পিএসকে কুপিয়ে জখম, আটক ৪
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৮:৪৪
ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকীর পিএস ও মাইক্রোবাস চালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে শহরের মওলানা ভাসানী সড়কে পিএস কামাল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জালাল, জুয়েল, রনি ও ইমরান নামে চার যুবককে আটক করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দীন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে মওলানা ভাসানী সড়কে ব্যক্তিগত অফিসে এমপির পিএস কামাল হোসেন বসে ছিলেন। এ সময় মাইক্রোবাস চালক পলাশ পিএস কামাল হোসেনের অফিসে ভাড়া আনতে যান। হঠাৎ করে ওই অফিসে কয়েক দুর্বৃত্ত ঢুকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কামাল হোসেন ও মাইক্রোচালক পলাশের মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে পরিবহন শ্রমিকরা ঝিনাইদহের সব রুটে সড়ক অবরোধ করে। প্রায় ২ ঘণ্টা পর জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে বুধবার সকালে সংসদ সদস্যের নেতৃত্বে আরও এক দফা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। একই সঙ্গে সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মোটর শ্রমিকরা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে।
এ সময় ঝিনাইদহের ওপর দিয়ে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মাগুরা সড়কের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ। সকাল ৯টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
- বিষয় :
- এমপির পিএস
- কুপিয়ে জখম
- ঝিনাইদহ
