কুমিল্লায় নারী কাউন্সিলরকে সাবেক স্বামীর কাটারের আঘাত
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: ২২ অক্টোবর ২০২০ | ০৫:৫৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২০ | ০৬:০৯
পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সাবেক স্বামীর কাটারের আঘাতে গুরুতন আহত হয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নেহার বেগম। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নেহার বেগম কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৬,১৭ ও ১৮ ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর। তার বাড়ি নগরীর দ্বিতীয় মুরাদপুর।
নেহার বেগমের দ্বিতীয় ছেলে জহিরুল ইসলাম সুমন বলেন, আমার বাবা প্রায়ই আমার মা’র সাথে জগড়া বিবাদে জড়াতো। অনেক অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বাবা। বিষয়টি নিয়ে আমরা পাঁচ ভাই বোন অশান্তির মধ্যে ছিলাম।পরে পারিবারিক সিদ্ধান্তে ২০১৮ সালের জানুয়ারি মাসে মা আমার বাবাকে তালাক দেন। এরপর থেকে বাবা প্রায়ই আমার মা নেহার বেগমকে মারধর করার হুমকি দিতো।
সুমন আরো বলেন, বৃহস্পতিবার সকালে মা হাঁটতে বের হন। এ সময় বাবা কাটার নিয়ে মায়ের গলায় আঘাত করেন। তার উদ্দেশ্য ছিল মাকে হত্যা করা। পরে স্থানীয়রা মা’কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুশফিক আহমেদ জানান, নেহার বেগমের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তার অন্তত ৩০ টি সেলাই লেগেছে। এখন তিনি আশংকামুক্ত।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হক জানান, অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করতে অভিযান চালাচ্ছেন তারা। তবে কাউন্সিলর নেহার বেগমের পরিবার থেকে এখনো লিখিত বা মৌখিক অভিযোগ পাননি বলেও জানান তিনি।
- বিষয় :
- কুমিল্লা
- নারী কাউন্সিলর