রাজশাহীতে যুবলীগ নেতা রাসেল হত্যা মামলায় গ্রেপ্তার ৭
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৯:১৬
রেলের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে রাজশাহীতে ছুরিকাঘাতে মহানগর যুবলীগ সদস্য সানোয়ার হোসেন রাসেল (৩০) হত্যার ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে শিরোইল কলোনি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এর আগে বুধবার রাতে নগরীর চন্দ্রিমা থানায় নিহত রাসেলের ভাই মনোয়ার হোসেন রনি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শিরোইল কলোনি এলাকার রাব্বি (২৫), বাপ্পি (১৯), শাহিন (২৪), শুভ (২১), চঞ্চল (১৯), কলাম উদ্দিন (১৯) ও মোজাহিদুল ইসলাম অভ্র (১৯)।
চন্দ্রিমা থানার ওসি গোলাম মোস্তফা জানান, রেল ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নিহত রাসেলের ভাই আনোয়ার হোসেন রাজার সঙ্গে মহানগর সৈনিক লীগের নেতা সুজন আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে রেল ভবনের সামনে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় সুজন ছুরি বের করে রাজা, তার ভাই রাসেল ও সহযোগী সুজন ইসলাম মোনাকে ছুরিকাঘাত করে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৬টার দিকে রাসেল মারা যান।
- বিষয় :
- যুবলীগ নেতা রাসেল হত্যা
- রাজশাহী
