ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

গৌরীপুরে শুভ্র হত্যা: ইউপি চেয়ারম্যানের ‘দেহরক্ষী’র আদালতে স্বীকারোক্তি

গৌরীপুরে শুভ্র হত্যা: ইউপি চেয়ারম্যানের ‘দেহরক্ষী’র আদালতে স্বীকারোক্তি
×

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০ | ১০:৩০

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুল হক শুভ্র হত্যায় প্রধান অভিযুক্ত মাইলাকান্দা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিএনপি নেতা রিয়াদুজ্জামান রিয়াদের দেহরক্ষী হিসেবে পরিচিত খায়রুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তার ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

মামলার পাঁচ নম্বর আসামি খায়রুল ইসলাম পশ্চিম কাউরাট গ্রামের লাল মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। শুক্রবার তাকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাগুয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুভ্রকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন তিনি। ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে স্বীকারোক্তির বিস্তারিত জানাননি।

ইতোপূর্বে রিমান্ড মঞ্জুর হওয়া প্রধান আসামি রিয়াদুজ্জামানসহ চারজনকে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি। গত বুধবার রিয়াদুজ্জামান রিয়াদকে তিন দিনের এবং জাহাঙ্গীর আলম, রাসেল ও মজিবুর রহমানকে দু'দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় তদন্তকারী সংস্থা।

গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক শুভ্রকে গত ১৭ অক্টোবর রাতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে মাইলাকান্দা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদ, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।

প্রতিবাদ অব্যাহত :মাসুদুল হক শুভ্র হত্যায় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকালও নানা কর্মসূচি পালিত হয়েছে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এ ছাড়া এদিন দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গৌরীপুর যায়। তারা মাসুদুর রহমান শুভ্রর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে নিহতের পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন

×