পাকুন্দিয়ায় কিশোরীর সন্তান প্রসব, বাবা বলছেন গায়েবি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ১০:৩২
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরী কন্যাসন্তানের জন্ম দিয়েছে। তবে জন্ম নেওয়া সন্তানের বাবা কে তা মেয়েটি ও তার পরিবারের সদস্যরা জানে না বলে দাবি করছে।
কিশোরীর বাবার দাবি, শিশুটি গায়েবি সন্তান। খবর পেয়ে পুলিশ কিশোরী মা ও তার শিশুসন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ছাড়া সন্তানের জন্মদাতার নাম-পরিচয় জানতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কিশোরীর বাবাকে। এনিয়ে এলাকায় তোল০পাড় চলছে।
জানা গেছে, উপজেলার এগারসিন্দুর এলাকায় গত ৬ নভেম্বর রাতে শিশুটির জন্ম হয়। গত মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে পুলিশ মা ও তার নবজাতককে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। পুলিশ পাহারায় গাইনি ওয়ার্ডে মা ও নবজাতককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান জানান, মেয়েটির বয়স কম হওয়ায় সঠিক তথ্য দিতে পারছে না। সে একেক সময় একেক কথা বলছে। প্রকৃত জন্মদাতাকে বের করতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে।
- বিষয় :
- কিশোরীর সন্তান প্রসব
- পাকুন্দিয়া
