সেই দমকল কর্মী পেলেন প্রেসিডেন্ট পদক
মনিপুরে গাছের মগডাল থেকে তরুণী আয়েশাকে নামানো হচ্ছে - সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ১০:৫৪
মাটি থেকে ৫০ ফুট উঁচু সেগুনের মগডালে ৩৩ ঘণ্টা বসে থাকার পর আয়েশা আক্তার নামে এক শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় নামিয়ে এনেছিলেন দমকল কর্মী রফিকুল ইসলাম। জীবনের ঝুঁকি নিয়ে দশম শ্রেণিতে পড়ূয়া ওই শিক্ষার্থীকে নামিয়ে আনার জন্য এ বছর রফিকুল ইসলামকে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক।
গত মঙ্গলবার ফায়ার সার্ভিসের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা ও সেবা বিভাগ) মো. শহিদুজ্জামান রফিকুলের গলায় এ পদক পরিয়ে দেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত রফিকুল ইসলাম জানান, মণিপুর এলাকার আতাউল হকের মেয়ে আয়েশা আক্তার গত বছরের ২৭ ফেব্রুয়ারি ভোরে ঘুম থেকে উঠে তার খালার সঙ্গে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করছিল। হঠাৎ উধাও হয়ে যায় মেয়েটি। এর পর থেকে তার স্বজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। কোথাও পাওয়া যাচ্ছিল না আয়েশাকে। পরে স্থানীয় এক কৃষক দেখেন, ৫০ ফুট ওপরে সেগুনের মগডালে বসে আছে ওই তরুণী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। দমকলকর্মী রফিকুল ইসলাম জীবনের ঝুঁকি নিয়ে বিশেষ কৌশলে মেয়েটিকে ৩৩ ঘণ্টা পর মাটিতে নামিয়ে আনেন। পরদিন সমকালে ছবিসহ 'মগডালে তরুণী, ৩৩ ঘণ্টা পর উদ্ধার' শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। রফিকুল বলেন, সমকালের একটি কপি তিনি সদর দপ্তরে পাঠান। প্রকাশিত সে সংবাদটি দেখেই কর্তৃপক্ষ তাকে প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক দেওয়ার জন্য নির্বাচন করে।
- বিষয় :
- দমকল কর্মী
- প্রেসিডেন্ট পদক
