কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০ | ০২:২৪
কুষ্টিয়ার ভেড়ামারায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ইয়াসিন মোল্লা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড (আমৃত্যু) ও দেড় লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আদালতে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ইয়াসিন মোল্লা ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা এলাকার মৃত ইছাহক মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারার ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় ইয়াসিন। এই ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২১ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় মামলা করেন।
ভেড়ামারা থানা পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর ইয়াসিন মোল্লাকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। ইয়াসিন পলাতক রয়েছেন।
