রাজশাহীতে অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ১০:০৬
রাজশাহীতে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ।
রোববার তাদের গ্রেপ্তার করা হয় বলে বিকেলে নগর পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পবা উপজেলার চৌবাড়িয়ার নার্গিস নাহার হেলেন (৫৫), তার সহযোগী শাহমখদুম থানার নওদাপাড়ার রফিকুল ইসলাম (৩০), বোয়ালিয়া থানার অলকার মোড়ের আতিকুর রহমান বাপ্পী (২৮) ও চন্দ্রিমা থানার হামিম আল ফজলে নুর ওরফে শুভ্র (২৮)।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, এই চক্রটি দীর্ঘ দিন ধরে নারী সহযোগী নার্গিস নাহার হেলেনের মাধ্যমে বিভিন্ন এলাকার পুরুষদের সঙ্গে যোগাযোগ করিয়ে ডেকে আনতো। এরপর কৌশলে নার্গিস ওই পুরুষকে নিজের বাসায় নিয়ে যেত। পরে তার পুরুষ সহযোগীরা নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মুক্তিপণ আদায় করতো।
তিনি আরো জানান, সম্প্রতি এমন এক ঘটনার পর ভুক্তভোগী আব্দুল হক পবা থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ এনে মামলা করেন। পুলিশ মামলা পেয়ে রোববার চার আসামিকেই গ্রেপ্তার করে।
- বিষয় :
- রাজশাহী
- অপহরণ চক্র
