টাঙ্গাইলে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৪:৪৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ০৪:৫১
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মীর যুবরাজ (৪০) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মৃত খন্দকার মতিয়ার রহমানের ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম জানান, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় যুবরাজ টাঙ্গাইলের এক ছাত্রীকে স্কুলে আসার পথে অপহরণ করে। পরে সেই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে।
এ ঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে টাঙ্গাইল জেলহাজতে রয়েছেন।