ময়মনসিংহে রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ- সমকাল
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৭:৫৯
ময়মনসিংহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সোমবার সকালে ময়মনসিংহ জংশন এলাকার রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এ এম সালাউদ্দিন ও ভূ-সম্পত্তি কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়।
রেল স্টেশন এলাকার অর্ধশত পাকা-আধাপাকা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে গত রোববার ময়মনসিংহ রেলওয়ে বিভাগের পক্ষ থেকে নগরীর স্টেশনরোড, মিন্টু কলেজ রেলক্রসিং, সানকিপাড়া রেলক্রসিংসহ বিভিন্ন স্থানে গড়ে তোলা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। পরে রাত থেকেই অনেকে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়া শুরু করেন।
বিভাগীয় ব্যবস্থাপক এ এম সালাউদ্দিন জানান, দখলদারদের কাছ থেকে জায়গা উদ্ধারের মাধ্যমে রেলওয়ে এলাকাকে পরিচ্ছন্ন ও মাদকমুক্ত করা হবে। মাস্টারপ্ল্যানের আওতায় রেলের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে। ভূ-সম্পত্তি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ময়মননিংহ জোনের আওতায় সুতিয়াখালি থেকে খাগডহর পর্যন্ত প্রায় দেড় হাজার অবৈধ স্থাপনা রয়েছে। তালিকা অনুযায়ী সব স্থাপনা উচ্ছেদ করা হবে।
