সিলেটে পেঁয়াজ কিনতে লাইনে মেয়র আরিফ
নায্যমূল্যে পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়ালেন মেয়র আরিফুল হক চৌধুরী- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৮:৩২
সিলেটে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে নায্যমূল্যে পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়ালেন মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে তিনি নগরীর সুরমা নদীর কিনব্রিজের নিচে টিসিবির পিকআপ থেকে এক কেজি পেঁয়াজ সংগ্রহ করেন।
এ সময় মেয়র আরিফ পেঁয়াজের দাম দিতে একশ' টাকা দিলেও বিক্রেতা পেঁয়াজের সঙ্গে টাকাও কাপড়ের ব্যাগে ভরে দেন।
সাম্প্রতিক পেঁয়াজের অস্থির বাজার নিয়ন্ত্রণে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো সাধারণের কাতারে দাঁড়িয়ে মেয়রের পেঁয়াজ সংগ্রহ করা নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে একে 'রাজনীতি' বা 'সস্তা জনপ্রিয়তার জন্য নাটক' বলছেন। এভাবে মেয়র লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ সংগ্রহ করায় দরিদ্র বা সুবিধাবঞ্চিত কিছু মানুষ বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন অনেকে।
পেঁয়াজের জন্য সিটি কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, বিএনপি নেতা মঈনুদ্দিন সোহেলসহ নগর ভবনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে মেয়রের লাইনে দাঁড়ানো নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন। আবার কিছু মানুষ 'গণতান্ত্রিক অধিকার' হিসেবে দেখে মেয়রের প্রশংসাও করেছেন। নগরীর জামতলার আশিক আলী মনে করেন, সরকারকে বেকায়দায় ফেলতে মেয়র পেঁয়াজ কেনার নাটক করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২টা থেকে প্রায় দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তিনি এক কেজি পেঁয়াজ সংগ্রহ করেন। এ সময় প্রখর রোদের জন্য মেয়রের মাথায় একজন ছাতা ধরে রেখেছিলেন। এভাবে লাইনে দাঁড়ানো প্রসঙ্গে মেয়র আরিফ উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, 'সাধারণ মানুষের কাতারে এসে পেঁয়াজ কিনতে আসা তার প্রতীকী প্রতিবাদ।' সম্প্রতি যুবদলের কমিটি গঠন নিয়ে ক্ষুব্ধ বিএনপির কেন্দ্রীয় নেতা মেয়র আরিফ পদত্যাগপত্র জমা দেন।
এদিন লাইনে দাঁড়িয়ে তিনি পেঁয়াজ, চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান। তবে পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পদক্ষেপ সম্পর্কে প্রশ্নের জবাব মেয়র আরিফ এড়িয়ে যান।
- বিষয় :
- মেয়র আরিফুল হক চৌধুরী
- সিলেট
