ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ
বরিশালে পুলিশ কর্মকর্তার বিচার দাবিতে মানববন্ধন
বরিশালে জেএসসি পরীক্ষার্থীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন পালন করে স্থানীয়রা- সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৮:৪৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ০৮:৫২
জেএসসি পরীক্ষার্থী মুহিম খন্দকারকে (১৪) ইয়াবা দিয়ে ফাঁসানো এবং থানায় নিয়ে নির্যাতনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠীর বাসিন্দারা।
এ ঘটনায় অভিযুক্ত বিমানবন্দর থানার এসআই এনামুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর কাশীপুর বাজারে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে মানবাধিকার কমিশন বিমানবন্দর থানা শাখার সভাপতি মুকুল মুখার্জী বলেন, মুহিম খন্দকার নিরীহ কিশোর- এলাকার শতভাগ মানুষ এটা স্বীকার করবেন। তাকে আটকের পর পুলিশ থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করেছে। একটি মনগড়া এজাহার লিখে আদালতে পাঠিয়েছে। তিনি এ ঘটনার জন্য এসআই এনামুল হককে দায়ী করে ৪৮ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাচ্চু বলেন, কারাবন্দি কিশোর মুহিমের জামিন চেয়ে গতকাল আদালতে আবেদন জানানো হয়েছে।মঙ্গলবার শিশু আদালতে আবেদনের শুনানি হবে। গত শুক্রবার পশ্চিম ইছাকাঠীতে বাড়ির সামনে থেকে কিশোর মুহিম খন্দকারকে আটকের পর তার কাছে ইয়াবা পাওয়া গেছে- অভিযোগ এনে মামলা করেন এসআই এনামুল হক। তবে ঘটনাটি পুলিশের সাজানো বলে দাবি করেছেন স্থানীয় লোকজন।
মুহিমের বাবা সাইদুর রহমান হিরন জানান, জমি নিয়ে নিকটাত্মীয়দের সঙ্গে তার বিরোধ রয়েছে। তাদের যোগসাজশে পুলিশ ইয়াবা উদ্ধার নাটক সাজিয়েছে। এদিকে ইয়াবা দিয়ে ফাঁসানো এবং কিশোরকে থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় সমকালে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত এসআই এনামুল নিজেকে বাঁচাতে নানামুখী তৎপরতা শুরু করেছেন।
মানববন্ধনকে বিএনপি-জামায়াতের কর্মসূচি বলে প্রচার চালানো হচ্ছে। তবে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোখতার হোসেন।
