নগরকান্দায় জোড়া খুনের আসামিদের গ্রেফতারের দাবিতে গণপদযাত্রা
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৯:০৫
ফরিদপুরের নগরকান্দায় জোড়া খুনের মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গণপদযাত্রা এবং শোক র্যালি করেছে নিহতের স্বজনরা। সোমবার বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোক র্যালি। রওশন-তুহিন স্মৃতি সংসদের আয়োজনে এ গণপদযাত্রা ও শোক র্যালির নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মনিরা বেগম।
এ সময় বক্তব্য দেন ড. আসমা শহীদ, ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, মিজানুর রহমান মিজান, আরিফুর রহমান পথিক, কাজী আবুল কালাম, মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ।
বক্তারা বলেন, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ৫ আসামি গ্রেফতার হলেও বাকীরা ধরা পড়েনি। তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১০ আগস্ট বিকেলে উপজেলার কাইচাইল গ্রামে আঞ্চলিক সড়কে এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ হানিফ গংদের ছোড়া গুলিতে নিহত হন ব্যাংক কর্মকর্তা রওশন আলী মিয়া ও মেধাবী ছাত্র মিরাজুল ইসলাম তুহিন। এ সময় আরো ১০ জন আহত হন। আহতদের মধ্যে গোলাম মওলা ও বিপ্লব নামে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
