সিলেটে লবণের দাম বৃদ্ধির গুজব
সিলেট নগরীর বিভিন্ন দোকানে লবণ কেনার জন্য ভিড় করেন ক্রেতারা- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ১০:০৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ১১:০৩
পেঁয়াজের বাজারে অস্থিরতার মধ্যে সিলেটে হঠাৎ লবণের দাম বেড়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। লবণের দাম বাড়ার গুজবে অনেকে লবণ কেনার জন্য দোকানে ভিড় করেন। এই সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী প্রতি কেজি লবণ ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করেন।
সোমবার সন্ধ্যার পর থেকে নগরীর অনেক দোকানে লবণ পাওয়া যায়নি।
সিলেট চেম্বার অব কমার্স কমার্সের সভাপতি আবু তাহের মো. শুয়েব পুরো বিষয়টাকে 'স্যাবটাজ' আখ্যায়িত করেন। তিনি সমকালকে বলেন, কতিপয় সুবিধাভোগী ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে সাধারণ মানুষকে হয়রানি করছে। এতে পুরো ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা সমকালকে বলেন, কেউ বাড়তি দামে লবণ বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান চেম্বার সভাপতি আবু তাহের। মঙ্গলবার বাজার মনিটরিং টিমও মাঠে নামবে।
নগরীর মিরাবাজারের শাহাবুদ্দিন সমকালকে জানান, লবণের দাম বাড়ছে শুনে তিনি মাজু মিয়ার দোকান থেকে ৫০ টাকায় এক কেজি লবণ কিনেছেন। নগরীর কয়েকজন ব্যবসায়ী বলেন, শুনেছি লবণের দাম বেড়ে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় দাঁড়িয়েছে। এমন খবরে আমরা লবণ বিক্রি আপাতত বন্ধ রেখেছি। কোথা থেকে এমন খবর পেয়েছেন- জানতে চাইলে তারা বলেন ‘শুনেছি’।
সিলেটের বিভিন্ন উপজেলায়ও গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন নিজের ফেসবুকে লিখেছেন- 'প্রিয় সিলেটবাসী, বাজারে নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোন নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়তে পারে এমন গুজবে কান না দেয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।'
- বিষয় :
- লবণের দাম বৃদ্ধির গুজব
- সিলেট
