ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

সাবেক এমপি আউয়ালের দুর্নীতির খোঁজে মাঠে দুদক

সাবেক এমপি আউয়ালের দুর্নীতির খোঁজে মাঠে দুদক
×

এ কে এম এ আউয়াল -ফাইল ছবি

ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ১০:৪৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ১১:২৬

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের (মো. সাইদুর রহমান) সম্পদ, অনিয়ম ও দুর্নীতির তথ্য-উপাত্ত অনুসন্ধানে মাঠে নেমেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা। তার স্ত্রী লায়লা ইরাদ (লায়লা পারভীন) এবং ছেলে আব্দুর রহমান, আব্দুর রহিম ও মেয়ে বুশরা আউয়ালসহ (অন্তরা) আত্মীয়-স্বজনের সম্পদের বিষয়েও দুদক অনুসন্ধান চালাবে বলে জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. আলী আকবরের নেতৃত্বে একটি টিম পিরোজপুরে এসে সোমবার থেকে মাঠ পর্যায়ে সরেজমিনে কার্যক্রম শুরু করেছেন। সোমবার সকালে দুদক কর্মকর্তা পিরোজপুর শহরের রাজারহাটে রাজারপুকুর নামে একটি পুকুর ও আশপাশের সরকারি জায়গা এ কে এম এ আউয়াল ও তার পরিবারের সদস্যদের নামে দলিল করে নেওয়ার স্থান সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনসহ জায়গার অন্য মালিকদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া এ কে এম এ আউয়ালের নিজ নামে সরকারি টাকায় প্রতিষ্ঠিত এ কে এম এ আউয়াল ফাউন্ডেশন পরিদর্শন করেন এই দুদক কর্মকর্তা।

জানা গেছে, দুদক কর্মকর্তা পিরোজপুরে সদর উপজেলার রানীপুরে জমি দখল, নাজিরপুরে বেনামে খাস জমি দখল করে ইমারত নির্মাণ করে ভাড়া দেওয়া, স্বরূপকাঠি উপজেলায় সরকারি ও হিন্দুদের জমি দখল করা স্থান পরিদর্শনসহ আউয়ালের বিভিন্ন দুর্নীতি ও সম্পদের খোঁজ নেবেন।

তবে এ বিষয়ে দুদক কর্মকর্তা মো. আলী আকবর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

২০১৭ সালের জুন মাসে এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগ জমা হয় দুদকে। পরে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

×