ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

নাসিরনগরে লবণ আতঙ্ক

নাসিরনগরে লবণ আতঙ্ক
×

নাসিরনগরে দাম বাড়ার গুজবে প্রচুর লবন কিনে অটোরিকশায় বাড়িতে নিয়ে যান এক ক্রেতা। ছবি: সমকাল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০২:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লবণ আতঙ্কে সাধারণ জনগণ। উপজেলার সর্বত্র মানুষজন হন্তদন্ত হয়ে ছুটছে লবণ কিনতে। গত সোমবার রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন মুদি দোকানে। লবণের দাম বেড়েছে শুনে কেউ কেউ প্রচুর লবন কিনে অটোরিকশায় ভরে বাড়িতে নিয়ে যান। এ উপজেলায় ১০ টাকার খোলা লবণ বিক্রি হচ্ছে ৬০ টাকা আর ৩০ টাকার প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ সমকালকে বলেন, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই শুনতে পাই বাজারে লবণ নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারি- লবণের দাম কেজিপ্রতি ১২০ টাকা- এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে। তারপর থেকে বাজারে বেশি দামে লবণ বিক্রি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে লবণের মজুদও শেষ হয়ে যায়।

হঠাৎ করে লবণের বাড়তি চাপ সামলাতে হিমসিম খাচ্ছে দোকানিরা। কয়েক ঘণ্টার মধ্যে ফুরিয়ে গেছে প্রায় সব দোকানের লবণ। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে লবণ বিক্রি করছেন। কেউ কেউ লবণ মজুদ করে রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তার সমকালকে বলেন, সকাল থেকে আমি উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেশি দামে লবণ বিক্রির সত্যতা পেয়েছি।

উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর বাজারে ঘুরে দেখা যায়, মুদি দোকানে ক্রেতাদের ভিড়। সাধারণ লোকজন লবণ কিনতে ব্যস্ত। কথা হয় শ্রীঘর বাজারের সাধারণ ক্রেতা মোশাহিদের সঙ্গে। তিনি বলেন, তিন কেজি খোলা লবণ কিনেছি। দোকানদাররা খোলা লবণের দাম নিয়েছে ৬০ টাকা কেজি। অথচ এক কেজি খোলা লবণের দাম ১০ টাকা।

উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর বাজারে খোলা লবণ বিক্রি হয়েছে ৪০ টাকা করে। লবণের দাম বেড়েছে গুজবে এ বাজারে দোকানিরা দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ করেন ফুলপুর গ্রামের সজল মিয়া।

আরও পড়ুন

×