ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

পূর্ব ঘোষণা ছাড়াই বরিশালে বাস চলাচল বন্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই বরিশালে বাস চলাচল বন্ধ
×

পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বন্ধ রয়েছে বাস চলাচল-সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০২:৪৪

বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার সকাল ১১টা থেকে হঠাৎ করে ছাড়ছে না কোনো বাস। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, এটা কোনো ধর্মঘট নয়। নতুন সড়ক পরিবহন আইন নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ থাকায় তারা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। মালিক সমিতির নেতৃবৃন্দও একই সুরে বলছেন, তারা বাস চালানোর পক্ষে থাকলেও শ্রমিকরা চালাচ্ছেন না। 

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন বলেন, কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহন আইনে দুর্ঘটনার জন্য বাস শ্রমিকদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন ধারায় সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। মৃত্যুদণ্ডের বিধান মাথায় রেখে শ্রমিকরা বাস চালাবেন না। এ কারণে তারা অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। তবে দূরপাল্লার বাস চলছে। 

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেওয়ার বিষয়ে ফরিদ হোসেন বলেন, এটা ইউনিয়নের কোনো সিদ্ধান্ত নয়। সাধারণ শ্রমিকরা ঘোষণা দিয়েছেন তারা বাস চালাবেন না। 

জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, জেল-জরিমানার ভয়ে শ্রমিকরা বাস চালাচ্ছেন না। ধর্মঘটের সঙ্গে মালিকদের কোন সম্পৃক্ততা নেই। 

রূপাতলী টার্মিনাল কেন্দ্রীক বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, এ টার্মিনালেও সকাল থেকে শ্রমিকরা বাস চালাচ্ছেন না।

আরও পড়ুন

×