গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রত্যাহার
ওসি রবিউল
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৫:২৪
যোগদানের তিন মাসের মধ্যে গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ ওঠায় তাকে ঢাকা বিভাগের ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার।
জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলামের বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার, শারীরিক নির্যাতন, মা ইলিশ রক্ষায় জেলেদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে তার বিরুদ্ধে লিখিত ভাবে ১০ লাখ টাকা ঘুষের দাবিতে আটক করে নির্যাতন করার অভিযোগ করেন গোয়ালন্দের ব্যবসায়ী শাজাহান হোসেন।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, আমি যোগ দেয়ার পর দৌলতদিয়া ঘাটে পরিবহন সেক্টরে দালালি ও যৌনপল্লীতে পাহাড়াদার বাহিনীর অপতৎপরতা বন্ধ করেছি। এ কারণে স্থানীয় একটি প্রভাবশালী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত। আমি কোন অনিয়ম করিনি।
১০ লাখ টাকা ঘুষ দাবি প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগকারী শাজাহান হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। তাকে যখন আটক করা হয় তখন তিনি যে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তা অবগত বা প্রমাণ স্বরূপ কোন কাগজপত্র প্রদর্শন করেননি। পরবর্তীতে তিনি যখন উচ্চ আদালত থেকে জামিনের প্রমাণ প্রদর্শন করেছেন তাকে ছেড়ে দেয়া হয়েছে। ঘুষ দাবির বিষয়টি মিথ্যে ও উদ্দেশ্য প্রণোদিত।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলামের প্রত্যাহারের নির্দেশনা গত রোববার সন্ধ্যায় পেয়েছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে।
- বিষয় :
- ওসি
- প্রত্যাহার
- গোয়ালন্দ ঘাট