অপহরণ নয়, দুই সন্তানসহ প্রেমিকের কাছে পালিয়েছিলেন সেই নারী: পুলিশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৬:১৫
এক সপ্তাহ আগে দুই সন্তানসহ এক নারী নিখোঁজ হয়েছিলেন। এরপর পরিবার অপহরণের অভিযোগ জানায় থানায়। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে ঢাকায় সাবেক প্রেমিকের কাছে পালিয়েছেন তিনি।
মঙ্গলবার স্বেচ্ছায় চট্টগ্রামে ফিরে এসেছেন ওই নারী। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১২ নভেম্বর চট্টগ্রাম নগরের আমান বাজার থেকে সিএনজি অটো রিকশা করে বোয়ালখালী উপজেলার শাকপুরায় নিজ বাড়িতে যাওয়ার পথে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চার ও দুই বছর বয়সী দুই সন্তানসহ উধাও হয়ে যান ওই নারী (২৫)। তার মা চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে তিনি বলেন, কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি অটো রিকশা দাঁড় করিয়ে কাপড় কিনতে নেমেছিলেন তিনি। মিনিট দশেক পর ফিরে এসে দেখেন, অটোরিকশাটিও নেই, তার মেয়ে ও নাতনিরাও নেই। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তদন্ত শুরু করে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার মঈনুল ইসলাম জানান, জিডিটির তদন্তভার গ্রহণ করার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ। তাদের ধারণা ছিল, সিএনজি অটোরিকশা চালক তাদের মেয়ে ও নাতনিদের অপহরণ করেছে। এরপর বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে নিশ্চিত হওয়া যায় ওই গৃহবধূ অপহৃত হননি। সাবেক প্রেমিকের কাছে ঢাকায় পালিয়ে গেছেন। যার কাছে ওই নারী গিয়েছিলেন তার বিষয়ে পুলিশের অনুসন্ধানের বিষয়টি টের পেয়ে দুই সন্তানসহ ওই নারীকে চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কাউন্টার টেরোরিজম ইউনিট। জিজ্ঞাসাবাদ শেষে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয় ওই নারীকে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম সমকালকে বলেন, বিয়ের আগে ওই নারীর যার সঙ্গে সম্পর্ক ছিল তার কাছে পালিয়ে গিয়েছিলেন। কাপ্তাই রাস্তার মাথায় তার মা সিএনজি অটোরিকশা থেকে নেমে দোকানে গেলে তিনিও সন্তানদের নিয়ে নেমে পড়েন। এরপর তার সাবেক প্রেমিকের কাছে চলে যান।