যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৮ বন্দী কিশোর
যশোর শিশু উন্নয়ন কেন্দ্র (ফাইল ছবি)
যশোর অফিস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০০:৫৯ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ০১:২৩
এবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে আট বন্দী কিশোর।
রোববার রাত ২টা ১৫ মিনিটের দিকে আবাসিক ভবনের জানালা ভেঙে তারা পালিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন।
তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
এদিকে যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আট কিশোরের পালিয়ে যাওয়ার ঘটনায় জিডি করেছে কর্তৃপক্ষ।
কেন্দ্র থেকে যশোরের হৃদয়, ফারদিন, আব্দুল কাদের, খুলনার রোহান গাজী, সোহাগ শেখ, নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম ও বরিশালের মাইনুর রহমান শাকিব পালিয়ে গেছে।
তাদের আটক করতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
এর আগে, গত ১৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা ১৮ বন্দী কিশোরের উপর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া যায়। এতে তিন কিশোর নিহত হয় এবং ১৫ জন আহত হয়। ওই ঘটনায় পাঁচ কর্মকর্তা ও সাত বন্দি শিশুর বিরুদ্ধে মামলা হয়।
- বিষয় :
- যশোর
- যশোর শিশু উন্নয়ন কেন্দ্র
