ধামরাইয়ে বেশি দামে লবণ বিক্রি করায় ১০ ব্যবসায়ী আটক, জরিমানা
যৌথ অভিযানের পর ন্যায্য মূল্যে লবণ বিক্রি শুরু হয়েছে
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০২:১২
ঢাকার ধামরাইয়ে গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় ১০ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক অভিযুক্ত ব্যবসায়ীদের ৮৫ হাজার টাকা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।
জানা গেছে, লবণের দাম বেড়েছে এমন গুজবকে কাজে লাগিয়ে মঙ্গলবার ধামরাই উপজেলার বিভিন্ন হাট-বাজারে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করে লবণের দাম বাড়িয়ে দেন। খবর পেয়ে ওইদিন বিকালে ধামরাই পৌর মেয়র গোলাম কবির ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন হাট-বাজার থেকে ১০ জন লবণ ব্যবসায়ীকে আটক করেন। পরে রাতেই ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল হক ওই অসাধু ব্যবসায়ীদের শাস্তি ও জরিমানা প্রদান করেন।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে লবণ বিক্রি করার অপরাধে অভিযুক্ত সাত জনকে ১০ হাজার ও তিন জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে গুজবে কান না দেওয়ার জন্য পৌর মেয়র গোলাম কবিরের পক্ষ থেকে বিভিন্ন এলাকা মাইকিং করা হয়। তিনি জানান, মঙ্গলবার রাতে ধামরাইয়ের বিভিন্ন হাট-বাজারে অভিযান চালানোর পর ব্যবসায়ীরা ন্যায্য দামে লবণ বিক্রি শুরু করেছেন। এরপরও যদি কোন ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করে তাৎক্ষনিকভাবে তাকে আটক করে পুলিশে সোপর্দ করারও আহবান জানান তিনি।
