পাসপোর্ট করতে গিয়ে গ্রেফতার রোহিঙ্গা নারী রিমান্ডে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৭:০৩
চট্টগ্রামে পাসপোর্ট করতে গিয়ে গ্রেফতার হয়েছেন অহিদা নামে এক রোহিঙ্গা নারী ও তার সহযোগী সিরাজুল ইসলাম।
বুধবার আটকের পর এই দুইজনকে গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে তাদের তোলা হয়। এ সময় পুলিশের আবেদনের ওপর শুনানি করে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
সিরাজ নগরীর চাক্তাই সোবহান সওদাগর রোড এলাকার প্রয়াত হাজি আবুল হোসেনের ছেলে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারী দালালসহ গ্রেফতার হওয়ার মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।’
বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করেত যান রোহিঙ্গা নারী অহিদা ও তার সহযোগী দালাল সিরাজুল ইসলাম। কাউন্টার থেকে কাগজপত্র জমা দিয়ে আবেদনপত্র গ্রহণ করেন তারা। এরপর সন্দেহ হলে তার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। সেটি রোহিঙ্গা সার্ভারের সাথে মিলিয়ে দেখা হয়। সেখানে মিলে যাওয়ার পর তাকে আটক করা হয়।
এরপর আইনি ব্যবস্থা নিতে পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক আইয়ুব আলী পাঁচলাইশ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় প্রতারণা ও জালিয়াতির মামলা রেকর্ড করে তাদের আদালতে হাজির করে পুলিশ।
