ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

রায়পুরায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
×

প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৮:২১

নরসিংদীর রায়পুরায় শারমীন আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযোগ উঠেছে, বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়।

মেয়েটির পরিবারের অভিযোগে জানা যায়, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শারমীনকে প্রায়ই স্কুলে যাওয়া-আসার পথে একই এলাকার জয়নাল মিয়ার ছেলে মনির হোসেন তাকে উত্ত্যক্ত করত। ঘটনার কয়েক দিন আগে শারমীনের একটি বিয়ের প্রস্তাব এলে মনির পাত্রপক্ষকে বিভিন্নভাবে হুমকি দেয় ও শারমীনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে জানায়। এতে করে পাত্রপক্ষ এ প্রস্তাব থেকে সরে দাঁড়ায়। 

শারমীনের বাবা জামাল উদ্দিন এ ঘটনার প্রতিবাদ জানালে মনির, তার মা ও বোন শারমীনের বাড়িতে গিয়ে তাদের অকথ্য ভাষায় গালাগাল করে। এ অপমান সইতে না পেরে শারমীন বাথরুমের ঝরনার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মিনহাজ ঘটনার সত্যতা স্বীকার করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন

×