লক্ষ্মীপুর
ঘরে ঢুকে টাকা লুটের পর যুবলীগ নেতাকে খুন
মো.মনির হোসেন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০ | ০২:২৩
লক্ষ্মীপুরে ডাকাতদলের হামলায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো.মনির হোসেন (৩২) ওই এলাকার আলী আহম্মদের ছেলে ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা মনির হোসেন ইটভাটায় মাটি সরবরাহের কাজে বৃহস্পতিবার ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে ঘরে রাখেন। রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত তার ঘরের ছাদের ওপর দিয়ে ভেতরে ঢুকে সবাইকে জিম্মি করে বেঁধে রাখে।
এসময় চিৎকার করে উঠলে মনির হোসেন ও তার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ডাকাত দল। তারা স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়।
খবর পেয়ে স্থানীয়রা মনির ও তার স্ত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যান মনির। হামলায় গুরুতর আহত হয়েছেন মনিরের স্ত্রী মনোয়ারা বেগম মিলন।
সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতের হামলায় ব্যবসায়ী মনির নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
