ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৮:৪৮

চট্টগ্রাম নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় এক বছরের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। জারিন সারওয়ার প্রিয় নামের শিশুটিকে গত ১৭ নভেম্বর হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে সে মারা যায়।

প্রিয় নগরীর লালখানবাজার এলাকার বাসিন্দা শামীম আহমেদ ও মোহছেনা আক্তার ঝর্ণা দম্পতির সন্তান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট। শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সনৎ কুমার বড়ূয়ার চিকিৎসাধীন ছিল। 

এদিকে শিশুটি মারা যাওয়ার পর চিকিৎসা বাবদ কোনো টাকা না নিয়েই হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রিয়কে দাফনের জন্য কুমিল্লার গ্রামে বাড়ি নিয়ে যাওয়া হয়। সন্তানহারা মা ঝর্ণা আহাজারি করতে করতে বলেন, বৃহস্পতিবার সকালেও আমার ছেলে হাত-পা নেড়ে খেলা করেছে। আমার সাথে হেসেছে। কিন্তু চিকিৎসক তাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর পরই সে নিস্তেজ হয়ে পড়ে। ছোট্ট শরীরে অ্যান্টিবায়োটিক সহ্য করতে না পারায় সে মারা গেছে। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই আজ আমি সন্তান হারা হলাম। আমি এর বিচার চাই।

তবে দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি মস্তিকের প্রদাহজনিত রোগ মেনিনজাইটিসে আক্রান্ত্র ছিল। হাসপাতালে ভর্তির আগে থেকেই শিশুটির অবস্থা খারাপ ছিল।

ডা. সনৎ বড়ূয়া বলেন, শিশুটি ব্রেন ইনফেকশনে আক্রান্ত ছিল। মস্তিকে প্রদাহের সাথে শিশুটির জ্বর ছিল। এরপর শুরু হয় খিচুনিও। তবে ভর্তির পর শিশুটির অবস্থা কিছুটা ভালোর দিকে যায়। তার শরীরে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে, সেটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভুল চিকিৎসার প্রশ্নই আসে না।

ম্যাক্স হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী জানান, শিশুটির অবস্থা শুরু থেকেই খারাপ থাকায় এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল। শিশুদের মেনিনজাইটিস খুবই মারাত্মক রোগ। অ্যান্টিবায়োটিকের প্রভাবে কিংবা চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে এমন ঘটার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

×