শাহজাদপুরে ঘরে স্বামী-স্ত্রীর লাশ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ১১:৩৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার পৌর এলাকার বাড়াবিল মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষের আড়ার সঙ্গে স্বামীর ঝুলন্ত লাশ এবং বিছানার ওপর থেকে স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রাজমিস্ত্রি হইজন প্রামাণিক (৫৫) ও তার স্ত্রী রেখা খাতুন (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়াবিল মধ্যপাড়া গ্রামের মৃত নুরুল প্রামানিকের ছেলে হোসেন আলী ও স্ত্রী রেখা খাতুন প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার সকালে তারা ঘুম থেকে না ওঠায় তাদের ছোট ছেলে লিখন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। পরে সে জানালায় দিয়ে দেখতে পায় তার বাবার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর মায়ের লাশ বিছানায় পড়ে আছে। এ সময় লিখনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসেন। পরে পুলিশ খবর পেয়ে শুক্রবার বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আসলাম আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
- বিষয় :
- শাহজাদপুর
- লাশ উদ্ধার
