ধানের বীজতলায় বিদ্যুতের তার, স্পৃষ্টে যুবকের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৬:৪৫
মাদারীপুরের রাজৈরে ধানের বীজতলায় রাখা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ইসমাইল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল মিয়া একই এলাকার আউয়াল মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।
পরিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে ইসমাইল, সাগরসহ কয়েকজন বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। সেখানে একেকজন একেক জায়গায় মাছ ধরছিল। ইসমাইল মাছ ধরার সময় হঠাৎ করে নুরপুর গ্রামেরই কালাম সিকদারের জমির বর্গাচাষী ফারুক মোল্লার ধানের বীজতলায় দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সঙ্গীরা সাগরকে উদ্ধার করে রাত ১০টার দিকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া জানান, বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ইসমাইলের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- বিদ্যুৎস্পৃষ্ট
- মৃত্যু
- মাদারীপুর
