ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মহেশখালীতে শিশুসহ ২৫ রোহিঙ্গা উদ্ধার

মহেশখালীতে শিশুসহ ২৫ রোহিঙ্গা উদ্ধার
×

শিশুসহ ২৫ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার- সমকাল

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৯:১৬

কক্সবাজারের মহেশখালী উপজেলায় শিশুসহ ২৫ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ার চর থেকে তাদের উদ্ধার করা হয়। মালয়েশিয়া পাঠানোর জন্য টেকনাফ থেকে তাদের ট্রলারে উঠিয়ে দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

উদ্ধার রোহিঙ্গা যুবক আইয়াজ মিয়া জানান, উখিয়ার কুতুপালং শিবির থেকে পালিয়ে স্থানীয় দালালের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কিন্তু দালালরা মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে ৪০ জনের রোহিঙ্গা দলকে সোনাদিয়া দ্বীপের মগচরে নামিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা একরাম মিয়া জানান, ভোরে একটি ফিশিং বোটে ৪০ রোহিঙ্গা সোনাদিয়া দ্বীপে আসে। ট্রলারের যাত্রীদের নামিয়ে দিয়ে পাচারকারীরা ওই বোটে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী রোহিঙ্গাদের দেখে থানায় খবর দেয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক তারা সোনাদিয়া দ্বীপের মগচর এলাকায় যান। সেখান থেকে শিশুসহ ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তাদের মধ্যে দুটি শিশু, ১১ পুরুষ ও ১২ নারী রয়েছে। কারা তাদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল, তাদের খুঁজে বের করা চেষ্টা চলছে।

আরও পড়ুন

×