ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ইজিবাইক দেখতে গিয়েছিল ছোট্ট আশামনি...

ইজিবাইক দেখতে গিয়েছিল ছোট্ট আশামনি...
×

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ১০:১৩

বাড়ির সামনে ইজিবাইক রেখে ভেতরে গিয়েছিলেন চালক সিরাজুল ইসলাম। ইজিবাইক দেখে চার শিশু তাতে উঠে খেলা করছিল। এ সময় এক শিশু লক্ষ্য করল ইঞ্জিনে চাবি লাগানো। কৌতূহলবশত তাতে হাত দিতেই চালু হয়ে যায় সেটি। সামনে দাঁড়িয়ে এ দৃশ্য দেখার সময় শিশু আশামনিকে (৪) চাপা দেয় ইজিবাইকটি। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। পরে তাকে নান্দাইল উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চণ্ডিপাশা মহল্লায়।

আশামনির বাবার নাম রাসেল মিয়া। তিনি স্থানীয় প্রাণিসম্পদ হাসপাতালের কর্মচারী। তিনি জানান, অফিসে যাওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে শুনতে পান মেয়ে আহত হয়েছে। পরে বাড়ি গিয়ে জানতে পারেন একমাত্র কন্যাসন্তানটি মারা গেছে।

পরিবারের লোকজন জানায়, বাড়ির সামনে প্রতিবেশী সিরাজুল ইসলাম তার নিজের ইজিবাইকটি ইঞ্জিনে চাবি লাগানো অবস্থায় রেখে ভেতরে যান। একপর্যায়ে এক শিশু চালকের আসনে বসে চাবিতে হাত দিতেই সেটি উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে পড়ে। আর এ সময় সামনে দাঁড়িয়ে থাকা আশামনিকে ধাক্কা দেয়।

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম জানান, শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আরও পড়ুন

×