দিনাজপুরে ২ রাজনৈতিক নেতার বিদেশ গমনে দুদকের নিষেধাজ্ঞা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৮:০৬
দিনাজপুরের দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে বিদেশ গমনে ইমিগ্রেশন কার্যালয়গুলোতে চিঠি দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়।
দুই রাজনৈতিক নেতা হলেন- দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন এবং দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজ্জব।
দুদক সূত্রে জানা যায়, ওই দুই রাজনীতিক অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। দুদকের কাছে আসা এসব অভিযোগ অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রতিয়মান হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ধারায় দুই রাজনৈতিক ব্যক্তিকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে দেশের সব ইমিগ্রেশন কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুদক।
দুই রাজনৈতিক নেতাকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির বিষয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি ইমিগ্রেশন কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৬ নভেম্বর বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও আবু ইবনে রজবকে জিজ্ঞাসাবাদ করে দুদক। ১১ নভেম্বর দিনাজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আখতারুজ্জামান জামান ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সূত্রে জানা যায়, দিনাজপুরে চার রাজনীতিক ও ছয় পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদ ও অন্যান্য দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়। মোট ১০ জনের মধ্যে চার রাজনীতিককে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ছয় পুলিশ কর্মকর্তা হলেন- দিনাজপুর কোতয়ালী থানার সদ্য বদলীকৃত পরিদর্শক (ওসি) রেদওয়ানুর রহিম, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মনছুর আলী মণ্ডল, নীলফামারী সৈয়দপুর জিআরপি পুলিশের পরিদর্শক (ওসি) রবিউল ইসলাম, গাইবান্ধা সদর থানার পরিদর্শক (ওসি) শাহরিয়ার, দিনাজপুর ট্রাফিক পুলিশের সাবেক পরিদর্শক সাদাকাতুল বারী।
- বিষয় :
- দিনাজপুর
- দুর্নীতি দমন কমিশন