ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৯:০১

অবৈধভাবে অর্ধ কোটি টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগে বগুড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে মামলাটি দায়ের করেন।

নওগাঁ জেলার ভীমপুর গ্রামের মৃত তাজিম উদ্দিন সরদারের ছেলে আনিছুর রহমান সরদারকে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়। তখন তিনি রংপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছিলেন। এর আগে তিনি বগুড়ায় ওই একই পদে কর্মরত ছিলেন।

আমিনুল ইসলাম জানান, আনিছুর রহমান সরদারকে তার নিজের এবং স্ত্রীসহ নির্ভরশীলদের স্থাবর এবং অস্থাবর সম্পদের বিবরণ দাখিলের জন্য ২০০৮ সালের ২৩ জুন দুদকের বগুড়া জেলা কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়। তার কুড়ি দিনের মাথায় তিনি মোট ১ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৫৯২ টাকার সম্পদ বিবরণী দাখিল করেন। যাতে তার নিজের নামে ৫৫ লাখ ১৮ হাজার ৫৫১ টাকার সম্পদ এবং বাদবাকি ৪৮ লাখ ৪৫ হাজার ৪১ টাকার সম্পদ দেখান স্ত্রী আইরিন পারভিনের নামে।

আমিনুল ইসলাম আরও জানান, দীর্ঘ অনুসন্ধানে দেখা যায় আনিছুর রহমান নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে ৫৪ লাখ ৪৬ হাজার ২৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তিনি তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৭ লাখ ১২ হাজার ২৪৭ টাকার সম্পদের তথ্যও গোপন করেছেন। এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আনিছুর রহমানের স্ত্রীর বিরুদ্ধেও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ছিল। কিন্তু তিনি এরই মধ্যে মৃত্যুবরণ করায় নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না।

আরও পড়ুন

×