নীলফামারীতে ব্র্যাকের কর্মীকে কুপিয়ে হত্যা
নীলফামারী সংবাদদাতা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ১২:৪৩
নীলফামারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা সদরের কাজিরহাটে ঢেউটিন রড সিমেন্টের ব্যবস্যা প্রতিষ্ঠান সোহাগ ট্রের্ডাসে ওই ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানটির পাঁচ লাখ টাকা চুরির ঘটনাও ঘটেছে।
নিহত মহিদুল ইসলাম (৪৫) নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর এলাকার আব্দুল গনির ছেলে। তিনি কাজীর হাট শাখার কর্মসূচি সংগঠক ছিলেন।
পুলিশ জানায়, সোহাগ ট্রেডার্সের পেছনে লাগোয়া একটি বাড়িতে ভাড়া থাকতেন ব্র্যাক কর্মী মহিদুল ইসলাম। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সোহাগ দুপুরে ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সে রেখে বাড়িতে যান। দুপুরের খাওয়া শেষে বিকেলে এসে দোকান খুলে দেখেন ক্যাশ বাক্সটি ভাঙা; একই সঙ্গে টেবিলের ওপর থাকা সিসি ক্যামেরার মনিটর এবং কম্পিউটার কিছুই নেই।
দোকানের মালিক সোহাগ জানান, দোকান থেকে টাকা খোয়া যাওয়ার খবর শুনে এলাকার লোকজন দেখতে এসে পেছনের ওই বাড়িতে ঢোকেন। এসময় তারা দেখতে পান তালাবন্ধ একটি কক্ষ থেকে বারান্দায় রক্ত ভেসে আসছে। পরে জানালার ফাঁক দিয়ে মহিদুল ইসলামের মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা।
খবর পেয়ে রাতে পুলিশ, র্যাব ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান বলেন,
চুরির ঘটনা দেখে ফেলায় মহিদুলকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা
করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
- বিষয় :
- রংপুর