খুলনায় পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন
পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ২২:৫৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ০২:৪০
বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব ৯টি পাটকলের শ্রমিকরা।
বুধবার সকাল ৮টা থেকে স্ব স্ব মিল গেটে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত।
অনশন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতারা বলেন, খুলনা অঞ্চলের ৯টি পাটকলের প্রায় ৩০ হাজার শ্রমিকের ৮ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এছাড়া সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীর ২ থেকে ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। এর ফলে শ্রমিক-কর্মচারীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন।
তারা বলেন, একাধিকবার আশ্বাস দেওয়ার পরও বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) এখনও শ্রমিকদের মজুরি কমিশন কার্যকর করেনি।
একই দাবিতে আগামী ৩ ডিসেম্বর পাটকলে ধর্মঘট এবং ১০ ডিসেম্বর সকাল ৮টা থেকে শ্রমিকদের পরিবার-পরিজন নিয়ে স্ব-স্ব মিল গেটে আমরণ গণঅনশনের কর্মসূচি রয়েছে।