কিশোরীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে কাউন্সিলর গ্রেপ্তার
রোকসানা আহমেদ রোজী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৪৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:২০
গাজীপুর মহানগরের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (সংরক্ষিত) রোকসানা আহমেদ রোজীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে র্যাব-১ এর একটি দল রাজধানীর দক্ষিণখান থেকে তাকে গ্রেপ্তার করে। আদিবাসী এক কিশোরীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে রোজীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, কাউন্সিলর রোজী নিজের বিউটি পার্লারে আদিবাসী এক কিশোরীকে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করেন। প্রায় ৪ মাস মেয়েটির ওপর চলে ওই নির্যাতন। গত সপ্তাহে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে এবং কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীকে আসামি করে মেয়েটি একটি মামলা দেয়। এরপর রোজী এলাকা থেকে পালিয়ে যান।
র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল-মামুন জানান, নির্যাতনের শিকার কিশোরী গাজীপুরের বাসন থানায় মামলা দায়ের করার পর থেকে র্যাব সদস্যরা অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে। টানা ৪দিন অভিযান চালানোর পর শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, মেয়েটির গ্রামের বাড়ি নেত্রকোণায়। মা মারা যাওয়ার পর বাবাও তাকে ফেলে অন্যত্র চলে যান। কাজের সন্ধানে মেয়েটি গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় চলে আসে। একটি বিউটি পার্লারে কাজও পায় সে, যার মালিক কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পার্লারকর্মী হিসেবে নিয়োগ পেলেও কাউন্সিলর রোজী মেয়েটিকে তুলে দিতেন বিভিন্ন পুরুষের হাতে। বিষয়টি জানার পর সোমবার রাতে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন সকালে ওই কিশোরী বাদী হয়ে কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীকে প্রধান আসামি করে বাসন থানায় মামলা দায়ের করে।
মেয়েটির অভিযোগ, তাকে জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করা হতো। ৪ মাস তার ওপর চলে এ নির্যাতন। বহু আকুতি জানিয়েও রক্ষা হয়নি। অবশেষ পুলিশ গোপনে বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে। অভিযুক্ত কাউন্সিলর রোজী মহানগরের যোগীতলা পশ্চিমপাড়া এলাকার বশির আহমেদের স্ত্রী।
গাজীপুর মেট্টোপুলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন সমকালকে বলেন, র্যাব সদস্যরা গ্রেপ্তারের পর বাসন থানা পুলিশের কাছে রোজীকে হস্তান্তর করেন। ৭ দিনের রিমান্ড চেয়ে শনিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
- বিষয় :
- দেহ ব্যবসা
- নারী কাউন্সিলর
- আদিবাসী কিশোরী