ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

শস্যদানা ঘোষণা দিয়ে কোটি টাকার পানীয় আমদানি

শস্যদানা ঘোষণা দিয়ে কোটি টাকার পানীয় আমদানি
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ১০:১৯

৮০ লাখ টাকার শুল্ক ফাঁকি দিতে বিভিন্ন ধরনের পানীয় ও চকোলেট বোঝাই একটি কনটেইনার এক বছর বন্দর ইয়ার্ডে ফেলে রাখলেও শেষ রক্ষা হলো না আমদানিকারক প্রতিষ্ঠান স্টার অ্যালায়েন্সের।

সিঙ্গাপুর থেকে আসা এমভি নাভা শিবা নামে একটি জাহাজে করে ওই কনটেইনার চট্টগ্রাম বন্দরে আসে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর।

এ ঘটনার ২৫ দিন পর ১৭ জানুয়ারি ওই প্রতিষ্ঠানের পক্ষে চট্টগ্রাম নগরীর শেখ মুজিব রোডের এলিট এন্টারপ্রাইজ নামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সেই পণ্য খালাসের জন্য চট্টগ্রাম কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করে। তবে কনটেইনারটি সন্দেহের তালিকায় থাকায় গত ১০ মাস এটি আর খালাস করতে বন্দরে আসেনি কেউ।

দীর্ঘ সময়েও আমদানিকারকের কোনো তৎপরতা না দেখে কনটেইনারটি খোলা হয় বুধবার। খোলার পরে জানা যায় চীন থেকে ২২ টন শস্যদানা আমদানির ঘোষণা দিয়ে ওই কনটেইনারে আনা হয়েছে ঘোষণা-বহির্ভূত বিভিন্ন ধরনের পানীয় ও চকোলেট।

কাস্টমস কর্মকর্তা নুরউদ্দিন মিলন বলেন, 'কনটেইনারটির ওপর গোয়েন্দা নজরদারি ছিল। সে জন্য সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান গত ১০ মাস ধরে সেটি খালাস না করে বন্দরের ইয়ার্ডে রেখে দেয়। দীর্ঘসময় অপেক্ষার পর এটি খুলে আমরা কায়িক পরীক্ষা করার উদ্যোগ নিই। কনটেইনার খোলার পর ঘোষণা বহির্ভূত পণ্য থাকার বিষয়টি নিশ্চিত হই। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

ঢাকার গুলশানের উত্তর বাড্ডা এলাকার স্টার অ্যালায়েন্স নামে একটি প্রতিষ্ঠান ১৩ টন সুইট কর্ন (মিষ্টি ভুট্টার দানা) এবং ৯ টন কিডনি বিন (মটরশুঁটি দানা) আমদানির ঘোষণা দিয়ে ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলেছিল। চীনের আনাস পি ট্রেডিং পিটিই লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে এই পণ্য আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

×