লাউয়াছড়ায় অবমুক্ত গোখরা সাপ
লাউয়াছড়ায় অবমুক্ত করা হয় একটি গোখরা সাপ- সমকাল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২১ | ১০:৪২
মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পারাপারের সময় একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার শমশেরনগর বিমানবন্দর এলাকা থেকে সাপটি উদ্ধার করে রাতেই লাউয়াছড়ার জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
জানা যায়, শনিবার সন্ধ্যায় শমশেরনগর বিমানবন্দর এলাকার ঝোপঝাড় থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় এক পথচারীর মোটরসাইকেলের সামনে এসে পড়ে সাপটি। তখন তিনি কৌশল অবলম্বন করে সেটিকে আটক করেন। পরে তিনি সাপটিকে বিক্রি করার পাঁয়তারা করেন সাপুড়ের কাছে।
গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলি অবজারভার-এর কমলগঞ্জ প্রতিনিধি সালাহ্উদ্দিন শুভ ও দেশ রূপান্তর প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয় সাপটির অবস্থান জেনে নেন। পরে খবর দিলে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ারের নির্দেশনায় সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মৈত্র্য ও লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম এবং সাংবাদিক আলমগীর হোসেনের সহযোগিতায় শমশেরনগর বাজার এলাকা থেকে গোখরা সাপটিকে উদ্ধার করা হয়।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সাপটি পর্যবেক্ষণ করে সুস্থ দেখে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
- বিষয় :
- গোখরা সাপ
- লাউয়াছড়া
- মৌলভীবাজার
