ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সড়কে ঝরল দুই শিশু শিক্ষার্থীর প্রাণ

সড়কে ঝরল দুই শিশু শিক্ষার্থীর প্রাণ
×

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২১ | ০০:৩৫

নোয়াখালীর কোম্পানিগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টায় বসুরহাট পৌরসভার জামাইর টেক সংলগ্ন মোহাম্মদীয় ফোরকানিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক কামরুজ্জামান শাহানুর (২২) গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলো উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন দৌলত ব্যাপারী বাড়ির মাষ্টার কামরুজ্জামান শাহানুরের ছেলে মিনহাজ (৮) ও তার ভাগ্নে ইফাজ (৫)। নিহত মিনহাজ বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের দারুল আরকাম মাদ্রাসার ৩য় শ্রেণির এবং ইফাজ একই মাদ্রাসার নার্সারির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কামরুজ্জামান শাহানুর মোটরসাইকেল যোগে তার ছেলে মিনহাজ ও ভাগ্নে ইফাজকে নিয়ে বসুরহাটে যাচ্ছিলেন। তাদের বহনকারী যানটি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জামাইর টেক সংলগ্ন মোহাম্মদীয় ফোরকানিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আলুর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা মিনহাজ ও ইফাজ ঘটনাস্থলেই নিহত এবং চালক কামরুজ্জামান শাহানুর গুরুতর আহত হন। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে।  ঘটনার পর পরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরও পড়ুন

×