ফুটপাতে অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না: মেয়র আরিফ
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র আরিফ- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫০
রাস্তা বন্ধ করে বা পথচারীদের অসুবিধা করে ফুটপাতে অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, নগরীর কোথাও মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না। ফুটপাত দিয়ে চলাচল করা জনগণের মৌলিক অধিকার। যারা এই অধিকারের ব্যত্যয় ঘটায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার নগরীর শেখঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল ও ড্রেনেজ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।
মেয়রের উপস্থিতিতে অভিযানকালে নগরীর শেখঘাট জামে মসজিদসহ আশপাশের এলাকার দু'পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন-খাল পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, সিলেটের স্থানীয় দৈনিক একাত্তরের সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল হক পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার বিকেলে উপশহরের একটি হোটেলের হলরুমে 'নগর এক্সপ্রেস ড্রাইভার ট্রেনিং প্রোগ্রামে' প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেয়র আরিফ। তিনি জানান, নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য 'নগর এক্সপ্রেস' নামে গণপরিবহন সেবা শিগগির চালু হচ্ছে। ৪১টি বাস নিয়ে নগর এক্সপ্রেসের যাত্রা শুরু হবে। নিটল মোটরস সিলেটের ডিলার এহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা দেন- নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের সদস্য সৈয়দ মইন উদ্দিন সুহেল, মাহবুবুল হক চৌধুরী, এনামুল কুদ্দুস, খন্দকার কাওসার আহমদ রবি ও তৌসিক আহমদ চৌধুরী।
এদিকে নগরীর বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকায় পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সিটি করপোরেশন। মঙ্গলবার কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। গত ২৩ দিনে এ নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ২শ' সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি প্রায় ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
- বিষয় :
- মেয়র আরিফুল হক চৌধুরী
- সিলেট
