ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার
ফাইল ছবি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৮
পুলিশ সুপারের সঙ্গে ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের কয়েক দফা বৈঠকের পর আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন মালিক-শ্রমিকরা।
ফলে ৩০ ঘণ্টা পর মঙ্গলবার রাতে ময়মনসিংহের সব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, রাত সাড়ে ৭টায় বিআরটিসি কর্তৃপক্ষ এবং জিলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সভা চলাকালে বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন মালিক-শ্রমিকরা। মূলত ভুল বোঝাবুঝির কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। বিআরটিসি কর্তৃপক্ষ পরিবহন সংশ্লিষ্টদের না জানিয়ে জেলার বিভিন্ন স্থানে বাস চালিয়েছে। এছাড়া বিআরটিসির বাস শ্রমিক ও সাধারণ বাসের শ্রমিকদের মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
এর আগে যত্রতত্র বিআরটিসির বাস চলাচলের প্রতিবাদে গত সোমবার দুপুর দেড়টায় ময়মনসিংহ থেকে ঢাকাসহ সব সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন মালিক-শ্রমিকরা। আকস্মিক পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
- বিষয় :
- ময়মনসিংহ
- বাস ধর্মঘট
