ছেলেকে মারধরে মায়ের মামলা, বাবা জেলহাজতে
হাসপাতালে ছেলে আরাফাত, ইনসেটে বাবা -সমকাল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৮
ছেলেকে মারধরের জেরে মাদারীপুরের কালকিনিতে মায়ের মামলায় সরোয়ার মুন্সী নামের এক বাবাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ সূত্রে এ তথা নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, কালকিনি উপজেলার ডাসার থানার মধ্য ধূলগ্রামের মুজিবুর রহমান মুন্সীর ছেলে সরোয়ার হোসেন মুন্সী ২৬ বছর আগে মাদারীপুর সদরের চরমুগুরিয়া এলাকার আব্দুল সত্তার চৌকিদারের ছোট মেয়ে নুরুন্নাহার বেগমকে বিয়ে করে। বিয়ের পর যৌতুকের জন্য নুরুন্নাহারকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে সরোয়ার। এরই মধ্যে উপজেলার পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামে গোপনে দ্বিতীয় বিয়ে করে সরোয়ার। দ্বিতীয় বিয়ের পর নুরুন্নাহারের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়াতে থাকে। নুরুন্নাহার তিন বছর আগে মিনা নামের এককন্যাকে লালনপালনের জন্য আনার পর থেকে একমাত্র ছেলে আরাফাত মুন্সী ও পালিত মেয়ে মিনাকে নিয়ে বাধ্য হয়ে অন্যত্র বসবাস করছিলেন।
সম্প্রতি সরোয়ার নুরুন্নাহারের পালিত মেয়ে মিনাকে নিজের কাছে নিতে চাইলে গত ২৯ নভেম্বর সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়ন পরিষদে এক সালিশ বৈঠক বসে। বৈঠকে ওই পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খানের উপস্থিতিতে অভিযুক্ত সরোয়ার নুরুন্নাহারকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধরের চেষ্টা করেন। এ সময় নুরুন্নাহারের একমাত্র ছেলে আরাফাত মুন্সী (২০) তার বাবাকে থামানোর চেষ্টা করেন। এ সময় বাবা সরোয়ার তার সঙ্গের লোকজন নিয়ে ছেলে আরাফাতকে আঘাত করতে থাকেন। আঘাতের এক পর্যায় মাথা ফেটে যায় আরাফাতের। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নুরুন্নাহার তিনজনকে আসামি করে ডাসার থানায় মামলা করেন। এ মামলার পর গত সোমবার সকালে মাদারীপুর র্যাব-৮ সরোয়ার মুন্সীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে ডাসার থানায় সোপর্দ করা হয়। সোমবার বিকেলে সরোয়ার মুন্সীকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, আসামি সরোয়ারকে জেলহাজতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- মাদারীপুর
