চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ!
প্রতীকী ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫১
চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী অটোরিকশা চালকের বিরুদ্ধে।
অভিযুক্ত আব্দুল হাই মল্লিক (৫৫) ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা। অসুস্থ ওই শিশুকে সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির পরিবারের অভিযোগ, রোববার দুপুরে মেয়েকে বাড়িতে রেখে কাজে যান তার মা। এ সময় প্রতিবেশী হাই মল্লিক তাকে চকলেট দেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি হাই মল্লিকের ঘর হতে বের হয়ে আসে। এ সময় তার দেহে রক্তক্ষরণ হচ্ছিল। মেয়েকে নিয়ে হাসপাতালে যেতে চাইলে তাদের বাধা দেয় আব্দুল হাই মল্লিকের স্বজনরা।
কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন বলেন, এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার ধর্ষণ মামলা করেছেন। তিনি হাসপাতালে শিশুটিকে দেখে এসেছেন।
এদিকে ফরিদপুরের চরভদ্রাসনের কেএম ডাঙ্গী গ্রামের বাসিন্দা ইব্রাহীম খানের (৬৯) বিরুদ্ধে ১১ বছরের এক পিতৃহীন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত ২৬ নভেম্বরের এ ঘটনায় সোমবার চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
চরভদ্রাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
এদিকে অভিযুক্তের স্ত্রীর দাবি, তার স্বামীর বিরুদ্ধে এটি কোনো চক্রান্ত।
- বিষয় :
- ফরিদপুর
