ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রাতভর মরদেহের ওপর দিয়ে চলল যানবাহন

রাতভর মরদেহের ওপর দিয়ে চলল যানবাহন
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০২:১১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৬

বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলা এলাকায় যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যাওয়া অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে মহাসড়কের নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটের অদূরে পদ্মপুকুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কোন একটি যানবাহন থেকে ওই ব্যাক্তি পড়ে যান। মহাসড়কে পড়ে গেলে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। বিষয়টি কেউ না দেখায় রাতভর একাধিক যানবাহনের চাকায় মরদেহটি পিষ্ট হতে থাকে। এতে তার দেহ থেঁতলে খণ্ড বিখণ্ড হয়ে যায়। পরে বুধবার সকালে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর হাইওয়ে পুলিশ মহাসড়ক থেকে হাড় ও মাংস উদ্ধার করে মর্গে পাঠায়।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান সমকালকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কোন যানবাহন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মহাসড়কে যুবকের হাড়-মাংসের সঙ্গে নীল চেক শার্ট ও লুঙ্গি পাওয়া গেছে। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যাওয়ায় তাকে চেনা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

×