বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দিচ্ছে না: স্বারাষ্ট্রমন্ত্রী
ছবি: সমকাল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৭:০৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৭:১০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার জামিনের জন্য বিএনপি আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছে। কিন্তু তাদের আন্দোলনে দেশের জনগণ সাড়া দিচ্ছে না। তাই তাদের আন্দোলন সফল হচ্ছে না।
বুধবার দুপুরে জামালপুরের পুলিশ অফিসার্স মেস মিলনায়তনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে সরকার কখনও হস্তক্ষেপ করে নাই। জামিন দেওয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। খালেদা জিয়া কারাগারে ভালো আছেন। তিনি দেশের সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সকাল ১১টার দিকে হেলিকপ্টারযোগে জামালপুরে গিয়ে এ মতবিনিময় সভায় যোগ দেন। জামালপুরের পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো.আবুল কালাম আজাদ, স্থানীয় এমপি মোজাফ্ফর হোসেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও জামালপুরের জেলা প্রশাসক মো. এনামুল হক।
সভায় ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া যমুনার দুর্গম চরাঞ্চল ও নদীপথে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে স্পিডবোটসহ প্রয়োজনীয় লোকবল স্বল্পতার বিষয়টি তুলে ধরেন। মন্ত্রী বিভিন্ন থানার দায়িত্বে নিয়োজিত এএসপি ও ইন্সপেক্টরদের কাছ থেকে থানার বিভিন্ন সমস্যা কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
