ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রাজাপুরে গাছবোঝাই ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে নদীতে

রাজাপুরে গাছবোঝাই ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে নদীতে
×

ছবি: সমকাল

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৯

ঝালকাঠির রাজাপুরে গাছবোঝাই একটি ট্রলারের ধাক্কায় সন্ধ্যা নদীর উপরে থাকা একটি সেতু ভেঙে গেছে। বুধবার ভোরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেতুটি ভেঙে ট্রলারের উপরে পড়লে ট্রলারটিও ডুবে যায়। 

স্থানীয় বাসিন্দা মো. বাবুল তালুকদার জানান, ফজরের দিকে গাছবোঝাই ট্রলারটি সেতুতে ধাক্কা দিলে সেতুর মধ্যের অংশ ভেঙে যায়। এতে ট্রলারটিও নদীতে ডুবে যায়। এ সময় নৌকায় থাকায় সবাই সাঁতরে পাড়ে ওঠেন।

তিনি আরও জানান, রাজাপুর ও পিরোজপুরের কাউখালী উপজেলাকে সংযুক্ত করা এই সেতু দুই উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। নদীর দুই পাড়ে প্রায় ডজনখানেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেতুটি ভেঙে পড়ায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। 

ট্রলারটির মাঝি মো. সুমন বলেন, ট্রলারের সঙ্গে গাছ বেঁধে স্বরূপকাঠি যাওয়ার পথে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। ভোরে ঘনকুয়াশার কারণে সেতুটি দেখতে না পাওয়ায় এ ঘটনা ঘটেছে।

শুক্তগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। বর্তমানে দুই পাড়ের মানুষ নৌকায় যাতায়াত করছে। দ্রুতই সেতুটি পারাপারের উপযোগী করা হবে।

আরও পড়ুন

×