অগ্নিসন্ত্রাস-জঙ্গিবাদে হার মানেনি পুলিশ: আইজিপি
ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ১০:২৪
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশের পুলিশ কখনও হার মানেনি। ১৯৭১ সালে আমাদের পূর্বসূরিরা রাজারবাগে অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে প্রথম প্রতিরোধযুদ্ধ গড়ে তুলেছিলেন। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বুকের তাজা রক্ত দিয়ে অগ্নিসন্ত্রাস রুখে দিয়েছিল। আমরা আমাদের ১৭ জন সহকর্মীকে হারিয়েছি। এক হাজারের বেশি সদস্য পঙ্গুত্ববরণ করেছিলেন। ২০১৬ সালে জঙ্গি দমন করতে গিয়ে আমাদের অনেক সাহসী পুলিশ অফিসার মৃত্যুবরণ করেন।
বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, ওয়াসিকা আয়শা খান এমপি, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, সিএমপির সাবেক কমিশনার আবদুল জলিল মণ্ডল, সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খোন্দকার গোলাম ফারুক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ৪১ বছরে পদার্পণ করেছে সিএমপি। শুরুতে প্রতি ৩০০ নগরবাসীর জন্য একজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও বর্তমানে প্রতি ৯০০ নাগরিকের জন্য একজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তবুও আমরা অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারছি। দায়িত্ব পালনকালে রাজনৈতিক নেতাদের সহযোগিতা পেয়েছি। তারা কেউ আমাদের কাজে অসহযোগিতা করেননি। অপরাধ দমনে সহযোগিতা করেছেন।
প্রসঙ্গত, ১৯৭৮ সালের ৩০ নভেম্বর তিন হাজার ২৩৮ জন পুলিশ সদস্য ও ছয়টি থানা নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বর্তমানে সিএমপিতে ১৬টি থানা ও প্রায় সাত হাজার সদস্য রয়েছে।
- বিষয় :
- আইজিপি
- ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
