গোয়েন্দা পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত
প্রতীকী ছবি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ২১:০২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ২১:১৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে 'বন্দুকযুদ্ধের' ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার সারহাইল গ্রামের এ ঘটনায় নিহত আব্দুর রশিদ (৪০) একজন মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।
নিহত রশিদ উপজেলার ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। 'বন্দুকযুদ্ধের' সময় এসআই শামীম আল মামুন আহত হন।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঈশ্বরগঞ্জ থানার সারহাইল নামক স্থানে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী রশিদ বিপুল পরিমাণ মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। এ সময় ডিবির দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করতে থাকে।
পুলিশ আরও জানায়, এক পর্যায়ে গুলিতে পুলিশের এসআই শামীম আল মামুন আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এরপর মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদকে আহত অবস্থায় পাওয়া যায় এবং তার কাছ থেকে দুইশ' গ্রাম হেরোইন, ১শ' পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়।
আহত মাদক ব্যবসায়ীকে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আখন্দ সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রশিদের বিরুদ্ধে ১৩টি মাদকের মামলা আছে।
- বিষয় :
- ময়মনসিংহ