ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কুবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা

কুবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা
×

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৮:০৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে দেওয়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা মেনে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সান্ধকালীন কোর্স বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে যাদের চলমান রয়েছে তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত চলবে। তবে সামনে থেকে নতুন কাউকে ভর্তি নেওয়া হবে না।

বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালেয়র ব্যবসা শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মানবসম্পদ বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু রয়েছে। এছাড়া কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগে এবং প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এ কোর্স চালু রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

গত বুধবার ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম স্বাক্ষরিত চিঠিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের কথা বলা হয়। সান্ধ্য কোর্স পরিচালনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে বিধায় সান্ধ্যকালীন কোর্স বন্ধ হওয়া দরকার বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালেয় পরীক্ষা নিয়ন্ত্রক নূরল করিম চৌধুরী বলেন, সান্ধ্যকালীন কোর্স বাতিল হওয়ার বিষয়টি জানতে পেরেছি। অফিসিয়াল কোনও চিঠি এখনো হাতে পাইনি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমরা ইউজিসির চিঠি পাওয়ামাত্রই সান্ধ্য কোর্স বন্ধ করে দিয়েছি। আমাদের আসন্ন সমাবর্তনে সন্ধ্যাকালীন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। 

আরও পড়ুন

×