চট্টগ্রামে বাসায় গৃহবধূর গলাকাটা লাশ, স্বামী পলাতক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫৫
চট্টগ্রাম শহরের একটি বাসা থকে সদ্য বিবাহিত গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী পলাতক। রোববার নগরের বন্দর থানার বন্দর পূর্ব আবাসিক এলাকার একটি ভবনের চারতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুরমা আক্তার ঝালকাটি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চেচরী গ্রামের ওমর ফারুক হাওলাদারের মেয়ে। তার স্বামী একই জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের দুলাল হাওলাদারের ছেলে জাবেদ হাওলাদার। তিনি পেশায় গাড়ি চালক। সুরমা পোশাক কারখানার অনিয়মিত শ্রমিক।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) গাজী ফৌজুল আজিম সমকালকে জানান, গত ১ ডিসেম্বর তাদের বিয়ে হয়। এর আগে ঢাকায় গাড়ি চালাতেন জাবেদ। বিয়ের পর স্ত্রীর সঙ্গে চট্টগ্রামে থাকা শুরু করেন। রোববার সকালে সুরমার ফুফাতো বোনকে মোবাইল ফোনে কল দিয়ে জাবেদ বলেন, ‘আমি একটু বাইরে আছি। তোমার বোন অসুস্থ একটু দেখে আসো।’ ওই ফুফাতো বোন বাসায় এসে দেখেন তার বোন খাটে শুয়ে আছে। কাপড় সরিয়ে দেখেন তার গলাকাটা। তিনি বাড়িওয়ালাকে বিষয়টি জানালে তারা এসে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। তার স্বামীকে সন্দেহ করছে পুলিশ। তাকে ধরতে পারলে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছেন গাজী ফৌজুল আজিম।
বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল গফুর সমকালকে বলেন, সুরমার আগে একবার বিয়ে হয়েছিল। পরে জাবেদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর জাবেদের সঙ্গে বিয়ে হয় তার। প্রাথমিকভাবে একজন আরেকজনকে সন্দেহ করতো বলে মনে হচ্ছে। এর জের ধরে দুইজনের মধ্যে কলহ হতে পারে। কলহ থেকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
- বিষয় :
- চট্টগ্রাম
