বগুড়ায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যৃ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৭ জুলাই ২০২১ | ০৩:২৩ | আপডেট: ২৭ জুলাই ২০২১ | ০৪:০৫
বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বীরপলি গ্রামের শরিষাবাদ বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন একই গ্রামের আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৫)।
জানা গেছে, সকালে আব্দুস সামাদ মাঠে পাওয়ার টিলার দিয়ে ধানের জমি চাষ করছিলেন। তার ছেলে হাবিবুর রহমান বাবাকে চাষে সহযোগিতা করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে বাবা-ছেলে গুরুতর আহত হয়। মাঠের অন্য কৃষকরা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে দুই জনের মৃত্যুর সংবাদ শুনেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
- বিষয় :
- বজ্রপাতে মৃত্যু
- বাবা-ছেলের মৃত্যু
